সহজ লেখা পড়েও বোঝে না প্রাথমিকের অর্ধেক শিক্ষার্থী

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে সক্ষম কর্মশক্তি গড়ে তোলার অন্যতম ভিত্তি হলো মানসম্মত প্রাথমিক শিক্ষা। গত দুই দশকে বাংলাদেশে প্রায় সব শিশুর বিদ্যালয়ে যাওয়া নিশ্চিত করতে সহায়তা করেছে বিশ্বব্যাংক। নতুন অর্থায়নের ফলে শিশুরা আরও ভালোভাবে শিখতে পারবে এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি ধরে রাখতে পারবে। এর মাধ্যমে ভবিষ্যতে ভালো কর্মসংস্থানের ভিত্তিও তৈরি হবে বলে আশা করছে বিশ্বব্যাংক।
কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও গণিতের দক্ষতা বাড়াতে বিশেষ শিক্ষা প্যাকেজ চালু করা হবে। এতে পাঠদানের উপকরণ, সুনির্দিষ্ট পাঠের পরিকল্পনা এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ শতাংশ প্রধান শিক্ষককে নেতৃত্ব ও বিদ্যালয় ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হবে। বিদ্যালয় পরিচালনা ও ব্যবস্থাপনা ব্যবস্থাও শক্তিশালী করা হবে।
শুধু নিয়মিত পাঠদান নয়, পড়াশোনায় পিছিয়ে থাকা শিশুদের জন্য অতিরিক্ত পাঠদানের ব্যবস্থাও রাখা হয়েছে। বিশেষ করে যেসব জেলার শিক্ষার্থীরা শিক্ষার ক্ষেত্রে বেশি পিছিয়ে রয়েছে, সেসব এলাকায় বাড়তি গুরুত্ব দেওয়া হবে। এর পাশাপাশি শিক্ষকদের পাঠদানের সক্ষমতা বাড়ানো, বিদ্যালয় পর্যায়ে কার্যকর নেতৃত্ব তৈরি এবং শিক্ষা খাতে বাজেটের জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

