বকেয়া তিন গুণ, পরিশোধের চাপ

বিশ্বব্যাংকের ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬’-এ বিদেশি ঋণের চাপ বাংলাদেশের ওপর কতটা চেপে বসেছে, তার উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। তথ্যমতে, ২০২৫ সাল শেষে বাংলাদেশের বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৩ কোটি ডলার। ২০১৫ সালে ছিল ৩ হাজার ৮৭৭ কোটি ডলার। বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২৫ টাকা) এই ঋণের পরিমাণ প্রায় ১৪ লাখ ১৮ হাজার কোটি টাকা। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ঋণের স্থিতি বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ সব মিলিয়ে উন্নয়ন প্রকল্পে ঋণের দায় ক্রমেই বাড়ছে।
এতে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য উন্নয়নশীল দেশের ঋণ পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬-এর তথ্য বলছে, ২০২৫ সালে উন্নয়নশীল দেশগুলোর নেওয়া মোট বিদেশি ঋণ ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড ৯ লাখ ৪০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। ২০২১ সালের পর এটি সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি। এই সময়ে দরিদ্র দেশগুলোকে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে। এতে শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে বিনিয়োগ সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। সরকারি বন্ড ইস্যু ৩৫ শতাংশ বেড়ে ২৫১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

