ভূমির নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সুপারিশ

একই জমির দলিল জামানত হিসেবে ব্যবহার করে একাধিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের মতো অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকিং সিস্টেমে তথ্যের সমন্বিত কর্মপরিকল্পনা নিশ্চিত করার সুপারিশ করে কমিটি। এ ছাড়া উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার ভূমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ, স্থাবর সম্পত্তির হস্তান্তর মূল্য বাজারমূল্যের সঙ্গে যৌক্তিকীকরণ এবং জমি হস্তান্তর সংক্রান্ত বিভিন্ন ফির পাশাপাশি গেইন ট্যাক্স যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার সুপারিশ করা হয়।
ভূমির মালিকানা সংক্রান্ত গুরুতর সামাজিক সংঘাত নিরসন, ন্যায্য ও স্বচ্ছ ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা এবং নাগরিকবান্ধব ভূমি সেবা সুদৃঢ় করার উদ্দেশ্যে বিদ্যমান ভূমি প্রশাসন ব্যবস্থাপনাকে সমন্বিত ডিজিটাল ভূমি প্রশাসন ব্যবস্থায় রূপান্তরের সুপারিশ করা হয়।
‘বাংলাদেশ সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ও ভূমি প্রশাসন প্রশিক্ষণ একাডেমি স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের জন্য আধুনিক ও স্থায়ী প্রশিক্ষণ একাডেমি স্থাপনে খাসজমি নির্বাচনের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।
এ ছাড়া মাঠপর্যায়ে দুর্নীতি প্রতিরোধ, এসি ল্যান্ড, এলএ শাখা ও কানুনগো অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।

