শহীদ ও মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার পাচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মন্ত্রী বলেন, আগের পর্যায়ে জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ ধরনের সমস্যা এড়াতে নিজস্ব নির্ধারিত জমি রয়েছে এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এতে সঠিক জমিতে বাড়ি নির্মাণ এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছানো সম্ভব হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা যাবে।
মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের সহযোগীদের কল্যাণে হাটবাজারের ইজারালব্ধ আয়ের ৪ শতাংশ ব্যয়সংক্রান্ত নীতিমালা, ২০২৫’-এর আওতায় সরকার নিয়মিতভাবে দেশের সব সরকারি হাসপাতাল এবং ২৪টি বিশেষায়িত হাসপাতালে অর্থ বরাদ্দ দিচ্ছে। এসব বিশেষায়িত হাসপাতালের মধ্যে তিনটি বেসরকারি হাসপাতালও রয়েছে।
নীতিমালা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীরা উপজেলা পর্যায়ের হাসপাতালে বছরে সর্বোচ্চ ১০ হাজার, জেলা পর্যায়ের হাসপাতালে ২০ হাজার এবং বিভাগীয় পর্যায়ের হাসপাতালে ৩০ হাজার টাকা চিকিৎসা সহায়তা পাবেন। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় বছরে সর্বোচ্চ এক লাখ এবং জটিল রোগের চিকিৎসায় পাঁচ লাখ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হচ্ছে।
অন্যদিকে বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী বা স্বামীর চিকিৎসার ক্ষেত্রে উপজেলা পর্যায়ে বছরে সর্বোচ্চ ১০ হাজার, জেলা পর্যায়ে ২০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় সর্বোচ্চ ৫০ হাজার এবং জটিল রোগের চিকিৎসায় দুই লাখ টাকা পর্যন্ত সুবিধা রয়েছে। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা ও সামাজিক নিরাপত্তা সুবিধা আরও সম্প্রসারণের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।
এদিকে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করা হয়েছে। সেখানে গ্রন্থাগারের ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব জাদুঘর স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

