দেশের সব অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

দেশের অবৈধ ইটভাটা বন্ধে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়ন করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন, সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট নাসরিন সুলতানা।
ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন মুনতাসির উদ্দিন আহমেদ।
আইনজীবীর তথ্যমতে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ২০২২ সালের ১৩ নভেম্বর আদালত রুল জারি করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। পরে ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একপর্যায়ে ইটভাটা মালিক সমিতির পক্ষে এই মামলায় আবেদন দাখিল করে আদালতের আদেশ সংশোধনের প্রার্থনা করে নির্দেশনা চান। কিন্তু আদালত সব অবৈধ ইটভাটা বন্ধ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

