দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। শিক্ষার্থীদের দেশ, দেশের ইতিহাস এবং রাষ্ট্র কীভাবে পরিচালিত হয়, সে সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যেই এ কর্মসূচি চালু করা হয়েছে।
এর মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে পারবে এবং দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
এ সময়ে রাষ্ট্রপতি বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহের বিষয়ে তাদের কাছে জানতে চান। একইসঙ্গে বঙ্গভবনে সংরক্ষিত বিভিন্ন গুণী ও বিশিষ্ট ব্যক্তির ছবি, ঐতিহাসিক স্মারক ইত্যাদি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতায় অংশ নেন। পরে রাষ্ট্রপতি তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
রাষ্ট্রপতি এ সময় রাঙামাটি সফরের আগ্রহ প্রকাশ করে বলেন, ‘রাঙামাটি যাওয়ার আমার ইচ্ছা ছিল। সময়-সুযোগ হলে আমি রাঙামাটি সফর করব।’
পরিদর্শনকালে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. শাহ জালাল, তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

