মানবতাবিরোধী অপরাধের মামলা: আসামিদের ৬৫% পলাতক

জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আসামি গ্রেপ্তারের দায়িত্ব মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। পলাতকদের অনেকেই দেশে অবস্থান করছেন, কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে না। সাজাপ্রাপ্তদের সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ রয়েছে। সম্পদ বাজেয়াপ্ত করতে গেলেই এক ধরনের চাপ তৈরি হবে। তখন গ্রেপ্তার করা সম্ভব হতে পারে। এ ছাড়া আসামিদের ছবিসহ বিস্তারিত প্রকাশ করে ধরিয়ে দিতে জনগণের কাছে আহ্বান জানানো যেতে পারে। এটাতে আইনে কোনো বাধা নেই।
মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব বেশি তৎপর নয় বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। তিনি বলেন, গ্রেপ্তারের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হলে অনেক আসামিই পালানোর সুযোগ পেতেন না। বিষয়টি জুলাই গণ–অভ্যুত্থানের চেতনার বিরোধী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত পলাতকদের ছবিসহ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা। যাতে সাধারণ মানুষও গ্রেপ্তারে সহযোগিতা করতে পারে।
২০২৪ সালের জুলাই–আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারকে চেয়ারম্যান করে ওই বছরের ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে বিগত অন্তর্বর্তী সরকার। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মহিতুল হক এনাম চৌধুরী। বিচার দ্রুত করার চাপ বাড়লে গত বছরের ৮ মে ট্রাইব্যুনাল–২ গঠন করে সরকার। এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয় হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে। ট্রাইব্যুনাল–২–এর অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

