ইউপি নির্বাচন নিয়ে কমিশন সভা, যেসব সিদ্ধান্ত হলো

ইভিএম প্রসঙ্গে
নির্বাচনে আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। সংরক্ষিত ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, তা নির্ধারণে গঠিত কমিটির অগ্রগতি নিয়েও কমিশন সভায় আলোচনা হয়েছে।
সানাউল্লাহ বলেন, ‘এই ইভিএমগুলোর ডিসপোজালের ব্যাপারে একটা কমিটি ফর্ম করা হয়েছিল। সেই কমিটির কাজের অগ্রগতি সম্বন্ধে একটা ধারণা কমিশন আজকে গ্রহণ করেছেন।’
তিনি জানান, গাজীপুর থেকে এ কাজ শুরু করা হবে। সেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত রয়েছে। প্রথমে মাঠপর্যায়ের বিভিন্ন স্তরে ইভিএমের সংখ্যা ও অবস্থা নিরূপণ করা হবে। এরপর কমিটির সুপারিশ অনুযায়ী সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে।
ইভিএম নিষ্পত্তির ক্ষেত্রে পরিবেশগত উদ্বেগ ও এ খাতে আর্থিক ক্ষতির বিষয়ে প্রশ্ন করা হলে সানাউল্লাহ বলেন, এসব বিষয় এখনো কমিশনের আলোচনায় আসেনি। আগে কমিটির সুপারিশ পাওয়া প্রয়োজন।
তিনি বলেন, ‘এগুলো প্যারালাল ইস্যু, প্যারালাল। এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করছি না। আগে কমিটি থেকে আমরা রেকমেন্ডেশন পাই কোন পদ্ধতি...।’
ইভিএম নিয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, তদন্ত কমিশন এবং দুর্নীতি দমন কমিশনেও আলোচনা বা তদন্ত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার পর ইভিএমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সানাউল্লাহ।
ইভিএম নিষ্পত্তির একাধিক পদ্ধতি থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘ডিসপোজাল শুধু একটা পদ্ধতি নয়। দেয়ার আর মেনি ওয়েজ উই ক্যান ডিসপোজ। আমরা একটা সলিউশন খুঁজছি। আমাদের কমিটি যখন কাজ করে আমাদেরকে রেকমেন্ড করবে, তখন বোঝা যাবে যে কোনটা আমরা অ্যাডপ্ট করব।’
ইভিএম-সংক্রান্ত একটি প্রতিষ্ঠানের ২৩ কোটি টাকার পাওনা নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে সানাউল্লাহ বলেন, আগের কমিশন একটি নির্দিষ্ট ভিত্তিতে ওই অর্থের পরিশোধ বন্ধ রেখেছিল। সেই সিদ্ধান্তের কারণ ও বিষয়টির পূর্ণাঙ্গ অবস্থা না জেনে বর্তমান কমিশন তা পরিবর্তন করতে চায় না।
তিনি বলেন, ‘২৩ কোটি টাকার একটা পেমেন্ট কোনো একটা প্রতিষ্ঠানকে পূর্ববর্তী কমিশন বন্ধ রেখেছিল। যে গ্রাউন্ডে বন্ধ রেখেছিল, এই কমিশন তো ওই গ্রাউন্ড সম্বন্ধে পূর্ণ ওয়াকিবহাল না হওয়া পর্যন্ত বা ওটার একটা রেজুলেশন না পাওয়া পর্যন্ত একটা কমিশনের সিদ্ধান্ত আরেকটা কমিশন ওইভাবে টপল করে দিবে না সামারিলি।’

