সপ্তাহের শেষে মিলবে ৩ দিনের ছুটি, পাবেন না যারা

বাংলা পঞ্জিকা অনুযায়ী, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পালিত হবে শ্যামাপূজা। সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের ছুটির তালিকায় এ উপলক্ষে ছুটি রাখা হয়েছে। ফলে সারা দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও একই ছুটির আওতায় থাকবে।
স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পেলেও বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ক্ষেত্রে চিত্র ভিন্ন।
দেশের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ পাওয়া যায়নি।
অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকাতেও শ্যামাপূজা উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি। ফলে সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা এ ছুটি পাচ্ছেন না।
উল্লেখ্য, শ্যামাপূজা বা কালীপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ পূজা দেবী কালীর উদ্দেশে নিবেদিত। হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা তিথিতে সাধারণত এ পূজা উদযাপন করা হয়।

