নির্বাচনে বিপর্যয়ের পর চিফ অব স্টাফকে সরালেন ট্রাম্প

ট্রাম্পের কঠোর অভিবাসনবিরোধী অভিযান পরিচালনায় ভূমিকার জন্যই মিলার সবচেয়ে বেশি পরিচিত। প্রতিদিন তিন হাজার অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্য নির্ধারণ করেছিলেন তিনি। এই লক্ষ্য পূরণের প্রচেষ্টায় মার্কিন অভিবাসন কর্মকর্তারা দেশের বিভিন্ন এলাকার জনপদে অভিযান চালান। তাঁদের অভিযানে ক্রমেই এমন ব্যক্তিরাও গ্রেপ্তার হতে থাকেন, যাঁদের কোনো অপরাধের রেকর্ড নেই এবং যাঁরা কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
তবে এই অভিযানের বিষয়ে মার্কিনদের মধ্যে সমর্থন কম।
প্রতিনিধি পরিষদের নজরদারি ও সরকারি সংস্কারবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া বলেছেন, মিলারের অভিবাসননীতিগুলো নিয়ে তদন্ত করার পরিকল্পনা রয়েছে তাঁদের। তিনি বলেন, ‘স্টিফেন মিলারের উচিত আইনজীবী নিয়োগ করা।’
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারি প্রশাসন নতুন করে সাজানোর ট্রাম্পের প্রচেষ্টাতেও গভীরভাবে যুক্ত ছিলেন মিলার। ২০২৫ সালে ওই উদ্যোগের ফলে হাজার হাজার সরকারি কর্মচারী চাকরি হারান। বিশ্ববিদ্যালয়, বৈচিত্র্যবিষয়ক কর্মসূচি এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
পররাষ্ট্রনীতিতে কঠোর অবস্থান
পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও ট্রাম্পের কঠোর অবস্থানের জোরালো সমর্থক মিলার। ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক বহনের সন্দেহে নৌযানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী সামরিক হামলার পক্ষে তিনি প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। এসব হামলা নিয়ে আইনি প্রশ্নও উঠেছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলারও প্রশংসা করেছেন মিলার। তেহরানকে দুর্বল করা এবং প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি তৈরির সক্ষমতা কমানোর উপায় হিসেবে নৌ অবরোধ ও নিষেধাজ্ঞার পক্ষেও অবস্থান নিয়েছেন তিনি। তবে এ সপ্তাহের নির্বাচনে ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবের কারণে আংশিকভাবে রিপাবলিকানরা ভোটারদের সমর্থন হারানোর পরও তিনি একই অবস্থানে আছেন কি না, তা স্পষ্ট নয়।
ট্রাম্পের প্রথম মেয়াদে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করা মার্ক শর্ট বলেন, মিলারকে নিয়োগ দিয়ে ট্রাম্প এমন একজনকে পাচ্ছেন, যিনি তাঁর প্রতি পুরোপুরি অনুগত এবং অভিবাসন ও কংগ্রেসের তদন্তের মতো বিষয় নিয়ে আইনপ্রণেতাদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত।
এক সাক্ষাৎকারে শর্ট বলেন, ‘এ থেকে দ্বিদলীয় আইন প্রণয়নের বিষয়ে উচ্চ প্রত্যাশার কোনো ইঙ্গিত পাওয়া যায় না।’
ইরান যুদ্ধের কারণে ডেমোক্র্যাটদের অভিশংসনের দাবির মুখে থাকা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে মিলারের পদোন্নতিকে স্বাগত জানিয়েছেন।
নির্বাচনে বিপর্যয়ের পর হোয়াইট হাউসে রদবদল
প্রেসিডেন্টের দপ্তরের চিফ অব স্টাফ সাধারণত হোয়াইট হাউসের অন্যতম প্রভাবশালী পদ। প্রেসিডেন্টের সঙ্গে কারা সাক্ষাৎ করবেন, তা নিয়ন্ত্রণের পাশাপাশি তিনি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনা করেন, প্রেসিডেন্টের সময়সূচি ঠিক করেন এবং সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে সমন্বয় করেন।
বৃহস্পতিবার রাতে পদত্যাগপত্র জমা দিয়েছেন ৬৯ বছর বয়সী সুসি ওয়াইলস। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি এখন ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে যুক্ত হবেন।

