ইয়েমেনে সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ১১

ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) সানার পূর্বাঞ্চলে বানি হুশাইশ জেলার আশ শারিয়াহ গ্রামে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল-মাসিরা।
প্রতিবেদনে বলা হয়, বিমান হামলায় গ্রামের পাঁচটি আবাসিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এসব মানুষ।
জেলার স্বাস্থ্য দপ্তরের প্রধান আল-মাসিরাকে জানান, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করেছে। তবে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
আল-মাসিরার দাবি, সৌদি যুদ্ধবিমান পরে আরও দুটি বিমান হামলা চালায়। এ সময় উদ্ধারকর্মীদের লক্ষ্য করেও হামলা চালানো হয় এবং গ্রামের দিকে যাওয়ার সড়কগুলোতে আঘাত হানা হয়। পাশাপাশি ওই এলাকায় সামরিক বিমান উড়তে দেখা গেছে।
তবে এসব হামলার খবর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চীনা সংবাদ সংস্থা সিনহুয়াকে স্থানীয় এক বাসিন্দা জানান, দিনের শুরুতে সানার আকাশে যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়। এরপর একের পর এক বিমান হামলায় কেঁপে ওঠে রাজধানী ও আশপাশের এলাকা।

