মার্কিন যুদ্ধমন্ত্রী হেগসেথকে সরাতে উঠেপড়ে লেগেছে ডেমোক্র্যাটরা

বর্তমানে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ভূমিধস বিজয়ের পর আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে তাঁর দল। ফলে পরবর্তী স্পিকার হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার এবিসি নিউজকে জেফ্রিস বলেন, ‘হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের পক্ষে আমি দৃঢ়ভাবে অবস্থান করছি।’
তিনি আরও বলেন, ‘পিট হেগসেথকে বিদায় নিতে হবে।’
কেন্টাকির কংগ্রেস সদস্য থমাস ম্যাসির উত্থাপন করতে যাওয়া প্রস্তাবে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগগুলোর মধ্যে বলা হয়েছে, ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ অনুযায়ী কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন।
রোববার হেগসেথের পক্ষ নিয়ে তাঁকে অভিশংসনের জন্য ডেমোক্র্যাটদের আহ্বানের সমালোচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-কে ট্রাম্প বলেন, ‘তারা তাঁকে অভিশংসন করতে চায়। এটা খুবই অন্যায্য।’ তিনি আরও বলেন, ‘আমরা দুটি যুদ্ধে জড়িয়েছিলাম, দুটিতেই জিতেছি। আমরা ভেনেজুয়েলায় জিতেছি, ইরানেও জিতেছি।’
ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডে ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করতে ক্ষমতাসীন দলের বিপরীতে শক্তিশালী ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন জেফ্রিস। তবে মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের পর তিনি বলেছিলেন, আপাতত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের বিষয়টি প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের অগ্রাধিকারে নেই। ট্রাম্প তাঁর প্রথম মেয়াদেই দুবার অভিশংসিত হয়েছিলেন।

