পশ্চিমবঙ্গে পুলিশ ‘এনকাউন্টারে’ ধর্ষণ-হত্যা মামলার আসামি নিহত, চার মাসে ৪ মৃত্যু

চার মাসে চতুর্থ এনকাউন্টারের ঘটনা
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ধর্ষণ কিংবা হত্যার মামলায় অভিযুক্ত ব্যক্তির পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার এটি চতুর্থ ঘটনা। গত ৮ জুলাই দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলার আসামি প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে নিহত হন। পুলিশের দাবি, তিনি এক পুলিশ কর্মকর্তার আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে তিনি নিহত হন।
এরপর গত ২৭ অক্টোবর উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলার আসামি ২৩ বছর বয়সী প্রহ্লাদ দাস পুলিশের গুলিতে নিহত হন। পুলিশ জানায়, ঘটনা কীভাবে ঘটেছে সেটি রিক্রিয়েট বা পুনরায় দেখানোর জন্য মধ্যরাতের পর তাঁকে অপরাধস্থলে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি এক পুলিশ কর্মকর্তার সার্ভিস রিভলবার ছিনিয়ে নেন। পরে পুলিশের দলকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলিতে তিনি নিহত হন বলে দাবি পুলিশের।
একই দিন মুর্শিদাবাদের সমশেরগঞ্জে বিজেপি কর্মী সুজিত মণ্ডলকে হত্যার মামলার আসামি ৪৬ বছর বয়সী সামিউল শেখ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। পুলিশের দাবি, তিনি এক পুলিশ সদস্যের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

