পর্যটন, ব্যবসা ও চিকিৎসার জন্য ভিসা নীতি সহজ করল ভারত

২০২৫ সালের অক্টোবরে ভিসা ব্যবস্থায় প্রথম দফায় পরিবর্তন আনা হয়েছিল। সর্বশেষ সংস্কারের আগে উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেছে ভারত সরকার।
টুরিস্ট ভিসার নাম বদলে ভিজিটর ভিসা
নতুন ব্যবস্থায় টুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। প্রচলিত পর্যটনের বাইরেও বিভিন্ন স্বল্পমেয়াদি কার্যক্রমকে এই ভিসার আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ নেওয়া, ওয়েলনেস রিট্রিট, স্বল্পমেয়াদি চিকিৎসা এবং সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্স।
ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—এই দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, ওয়েলনেস রিট্রিট, স্বল্পমেয়াদি চিকিৎসা এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের কোর্স করা যাবে। স্বল্পমেয়াদি যোগব্যায়াম কর্মসূচিও এর আওতায় থাকবে।

