স্পেনে ১৪ বছরের মধ্যে সবচেয়ে বড় শ্রমিক ধর্মঘট, ৪০ লাখ লোকের কর্মবিরতি

এ সময় বাড়ির চাবির গোছা ঝনঝনিয়ে তাঁরা স্লোগান দেন, ‘আমরা ম্যাঙ্গোর দোকান বন্ধ করে দেব।’ অন্যদিকে, সংঘর্ষের আশঙ্কায় বার্সেলোনার অনেক দোকানপাটও বন্ধ রাখা হয়।
কেন এই ধর্মঘট
স্পেনে আবাসন সংকট দিন দিন তীব্র হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সালের মধ্যে এই ঘাটতি বেড়ে ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে। বাড়ি কেনার সামর্থ্য না থাকায় অনেক মানুষ এখন ভাড়া বাসার ওপর নির্ভর করছেন। এতে বাড়িভাড়ার বাজারে চাপ বাড়ছে। স্পেনের যুব পরিষদের তথ্য অনুযায়ী, দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো বা ১ হাজার ৩১৫ ডলার। এই ভাড়া একজন তরুণের গড় মাসিক আয়ের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ, মাসিক আয়ের প্রায় পুরোটাই চলে যাচ্ছে বাড়িভাড়া পরিশোধে।
মাদ্রিদের বাসিন্দা ৩৬ বছর বয়সী জেসুস গঞ্জালেজও এই সংকটের কারণে ধর্মঘরে যোগ দিয়েছেন। একটি হাসপাতালের তথ্যপ্রযুক্তি বিভাগে কাজ করেন তিনি। গঞ্জালেজ বলেন, ‘আমার বয়স ৩৬ বছর, অথচ এখনো নিজের বাড়িতে থাকতে পারছি না। বাড়িভাড়া ও বাড়ির দাম দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে নিজের বাড়ি কেনা প্রায় অসম্ভব।’
শ্রমিক সংগঠনগুলোর দাবি
স্পেনের বৃহত্তম দুটি শ্রমিক সংগঠন জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কার্স (ইউজিটি) ও ওয়ার্কার্স কমিশনস (সিসিওও) এই ধর্মঘরে সমর্থন দিয়েছে। সংগঠন দুটি ১০ লাখের বেশি শ্রমিকের প্রতিনিধিত্ব করে। ইউরো অঞ্চলের ঋণ সংকটের সময় ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে ২০১২ সালে শ্রমিকদের কর্মবিরতির পর এটিই দেশটির প্রথম সাধারণ ধর্মঘট।

