বোনকে দেওয়া কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি

ঘটনাটি ১৯৯৬ সালের ভাইফোঁটার। দিনটির কথা আজও মনে আছে জয়দেবের। ফুলতোলা আসনে বসে তৃপ্তি করে জলপাইয়ের চাটনি খাচ্ছিলেন তিনি। সামনে হাসিমুখে বসে ছিলেন অগ্নিবীণা। গালে হাত দিয়ে দাদার চাটনি খাওয়া দেখছিলেন। হঠাৎ মুচকি হেসে জিজ্ঞাসা করেন, ‘আমার হাতের চাটনি তোমার এত পছন্দ?’
জয়দেবের উত্তর ছিল, ‘হ্যাঁ।’ এরপর কিছুটা দুষ্টুমি মিশিয়ে অগ্নিবীণা জানতে চান, ‘তাহলে এই জলপাইয়ের আঁটি তুমি কত দিন মুখে রাখতে পারবে?’
বোনের হাতের জলপাইয়ের চাটনি এতটাই পছন্দ ছিল জয়দেবের যে তিনি গর্বের সঙ্গে বলেছিলেন, ‘তুই না বলা পর্যন্ত মুখেই রেখে দেব। এই রাখলুম!’
ব্যস, সেই থেকে মুখে জলপাইয়ের আঁটি। প্রথম দিকে অবশ্য বেশ অসুবিধা হয়েছিল। জিবে ঘা হয়ে যেত, রক্তও পড়ত। তবু মুখ থেকে আঁটি বের করেননি জয়দেব। এখন অবশ্য বিষয়টি তার অভ্যাসে পরিণত হয়েছে।
এমন অদ্ভুত পণের কারণে এলাকায় বেশ পরিচিত জয়দেব। রাস্তাঘাটে তাকে দেখলে কৌতূহলী মানুষ প্রায়ই জানতে চান, ‘দাদা, আপনিই সেই...।’ জয়দেবও বুঝে যান তারা কী বলতে চাইছেন। কথা না বাড়িয়ে মুখ হাঁ করেন। আর মানুষ অবাক হয়ে দেখেন তিন দশক ধরে মুখে রাখা সেই জলপাইয়ের আঁটি।
তবে এই স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে গভীর বেদনার এক অধ্যায়। ২০১২ সালের ২৪ জানুয়ারি আত্মহত্যা করেন অগ্নিবীণা। সেই দিনের কথা মনে করতে চান না জয়দেব। গলায় জমে থাকা কান্না সামলে তিনি বলেন, ‘বোন তো আজ আর নেই। যত দিন পারব, স্মৃতিটুকু আগলে রাখব।’

