গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ ফিলিস্তিনি নিহত, আহত ৪০

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নারীও রয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
সর্বশেষ হামলায় উত্তর গাজার জাবালিয়া আল-নাজলা এলাকায় বেসামরিক নাগরিকদের একটি জমায়েত লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত এবং অপর একজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন। আল-শিফা হাসপাতালের এক চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে আল-শিফা হাসপাতালের কাছে একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় ৩৫ বছর বয়সী এক পুরুষ ও এক নারী নিহত হন। হামলায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। গুরুতর আহত ৪৬ বছর বয়সী নারী পরে মারা যান।
গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলে শাতি শরণার্থীশিবিরের একটি খালি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন ফিলিস্তিনি সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।
মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আল-বারাকা সড়কে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আল-আকসা শহীদ হাসপাতালের এক চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে, বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হাসান আবু খুরাইসের মরদেহ আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
আনাদোলুর এক সংবাদদাতা জানিয়েছেন, মধ্য গাজার আল-মাসদার গ্রাম ও আশপাশের এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণের পাশাপাশি ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে।
দক্ষিণ গাজায় খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসির বির ১৯ এলাকায় বাস্তুচ্যুত মানুষের তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলিতে ২৩ বছর বয়সী এক ফিলিস্তিনি নারী গুরুতর আহত হয়েছেন। চিকিৎসা সূত্র জানায়, তাঁবুর ভেতরে ঘুমন্ত অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে নাসের হাসপাতালে নেওয়া হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়।
এ ছাড়া খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সের আল-ইয়াসিন ভবনের দ্বিতীয় তলায় ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।

