ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যাচ্ছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী। আগামী সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠিতব্য একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারত সফর করবেন তিনি। গত বছরের চার দিনের সামরিক সংঘাতের পর এই প্রথম পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক আগামী ২০ থেকে ২২ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।
বিবৃতিতে বলা হয়, এসসিওর সদস্যদেশগুলোর প্রতিনিধিরা এই সম্মেলনে সভ্যতার সংলাপ ও সাংস্কৃতিক বোঝাপড়া নিয়ে আলোচনা করবেন। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এসসিওর কাঠামোর মধ্যে সভ্যতার সংলাপ ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানসহ এসসিওর ১০টি সদস্যদেশকে প্রথমবারের মতো আয়োজিত এই সভ্যতাবিষয়ক সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছিল নয়াদিল্লি।
গতকাল শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সংলাপে অংশ নিতে এসসিওর কয়েকটি সদস্যদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। নয়াদিল্লি এই সম্মেলন আয়োজন করতে আগ্রহী।

