অর্থ পাচারের তদন্তের মুখেই ব্রিটিশ নাগরিকত্ব নিলেন ললিত মোদি

বহু বছর ধরে যুক্তরাজ্যই তাঁর আবাস উল্লেখ করে মোদি বলেন, দেশটির মানুষ, প্রতিষ্ঠান, ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও ভালো লাগা তৈরি হয়েছে। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া শুধু একটি বিশেষ সুযোগ নয়, এটি একটি দায়িত্বও। গর্ব, কৃতজ্ঞতা ও আপনত্বের অনুভূতি নিয়ে তিনি সেই দায়িত্ব গ্রহণ করছেন।

বিভিন্ন সংস্কৃতি ও অভিজ্ঞতার মধ্য দিয়ে তাঁর জীবনের পথচলা তৈরি হয়েছে উল্লেখ করে মোদি বলেন, যে দেশকে এখন গর্বের সঙ্গে নিজের আবাস বলে পরিচয় দিচ্ছেন, সেখানে ইতিবাচক অবদান রাখা অব্যাহত রাখতে চান তিনি। এই স্মরণীয় মুহূর্তের অংশ হওয়ার জন্য পরিবার, বন্ধু ও অক্সফোর্ড ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের জন্মদিনে নাগরিকত্ব পাওয়ার খবরটি জানানোর সুযোগ হওয়ায় দিনটি তাঁর কাছে আরও বিশেষ হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন মোদি।
আইপিএলে ব্যাপক দুর্নীতির অভিযোগের মধ্যে ২০১০ সালে ভারত ছাড়েন ললিত মোদি। এরপর থেকে যুক্তরাজ্যেই বসবাস করছেন তিনি।
কয়েক মাস আগেই আইপিএলের ২০০৯ সালের আসর-সংশ্লিষ্ট একটি মামলায় গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি হয়েছিল। স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটরস (ফরফিচার অব প্রপার্টি) আইনের (সাফেমা) অধীন আপিল ট্রাইব্যুনাল ওই মামলায় চলতি বছরের শুরুতে ললিত মোদি ও অন্য আপিলকারীদের বিরুদ্ধে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অধিকাংশ পর্যবেক্ষণ ও জরিমানা বাতিল করেন।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাইব্যুনাল বলেছেন, এ ঘটনায় মোদির দায় প্রতিষ্ঠার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ নেই।

