অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় পাঠাবে ইইউর ৫ দেশ, আগামী বছরই শুরু

তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রুয়ান্ডায় এমন কেন্দ্র স্থাপনের পরিকল্পনার সমালোচনা করেছেন। এএফপি বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেছেন, এই পরিকল্পনার কোনো ‘ভবিষ্যৎ বা মানবিকতা’ নেই। স্পেনের সম্প্রচারমাধ্যম টেলিসিনকোকে সানচেজ বলেন, ‘আমি এর মধ্যে কোনো ভবিষ্যৎ বা মানবিকতা দেখতে পাচ্ছি না। এটি কোনো সমাধান নয়।’
পাঁচটি দেশ বলছে, অভিবাসীদের ইউরোপের বাইরে পাঠানোর এই পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, এই উদ্যোগ অভিবাসীদের অধিকার লঙ্ঘন করতে পারে। সম্প্রতি ইইউর অভিবাসনবিষয়ক সংস্কারের পর জোটের বাইরের দেশগুলোতে এ ধরনের প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের সুযোগ তৈরি হয়েছে। নতুন উদ্যোগটি সেই সংস্কারের ধারাবাহিকতায় নেওয়া হয়েছে।
সোমবার ভিয়েনায় এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, ইউরোপের আশ্রয়ব্যবস্থার ওপর চাপ কমানো এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীদের বিপজ্জনক যাত্রার ব্যবস্থা করা মানবপাচারকারীদের কার্যক্রম বন্ধ করাই পাঁচ দেশের এই উদ্যোগের লক্ষ্য। ডাচ সরকারের এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে শুধু ‘অবিবাহিত পুরুষদের’ ফেরত পাঠানো হবে। নেদারল্যান্ডসের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে রুয়ান্ডার একই অঞ্চলের দেশগুলো থেকে আসা অভিবাসীদের।
রুয়ান্ডায় পৌঁছানোর পর অভিবাসীরা দেশটির সমাজে একীভূত হওয়ার সুযোগ পাবেন। এর অর্থ, তারা সেখানে বসবাসের অধিকার পাবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, শ্রমবাজার এবং বিচারব্যবস্থায় প্রবেশের সুযোগও থাকবে। রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা বলেছেন, অভিবাসীদের জন্য একটি ‘নিরাপদ, আইনসম্মত ও মর্যাদাপূর্ণ সমাধান’ নিশ্চিত করতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। তিনি আরও বলেন, ‘বিশ্বজুড়ে অর্থনৈতিক সুযোগ-সুবিধার অসমতা দূর করার’ বিষয়েও তারা কাজ করবেন। তার মতে, অনিয়মিত অভিবাসনের পেছনে এটি একটি ‘প্রধান চালিকাশক্তি’।

