নেসেটে স্পিকার হারিয়ে আরও চাপে নেতানিয়াহু, প্রধানমন্ত্রিত্বের পথ মসৃণ নয় বিরোধীদের

চলতি মাসের শুরুতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে। নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠনের জন্য তাঁর হাতে আরও সর্বোচ্চ সাড়ে চার সপ্তাহ সময় রয়েছে। তবে সরকার গঠনের বিষয়ে বিরোধী জোটের অভ্যন্তরীণ মতপার্থক্য এখনো কাটেনি।
এরই মধ্যে নেসেটের পূর্ণাঙ্গ অধিবেশন, গুরুত্বপূর্ণ পদ এবং আইন প্রণয়নের কর্মসূচির নিয়ন্ত্রণ নিয়েছে আইজেনকটের জোট। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত ক্ষমতায় থাকা নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়াতে এসব ক্ষমতা ব্যবহার করতে চায় তারা।
কাহানার নিয়োগকে ‘যথাযথ গণতান্ত্রিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন আইজেনকট। তাঁর ভাষ্য, পরিবর্তনের পক্ষে ভোট দেওয়া নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের প্রতিফলন ঘটেছে এই নির্বাচনের মাধ্যমে।
আরব দলগুলোর সমর্থন নিয়ে বিতর্ক
স্পিকার নির্বাচনে কাহানার জয় ঠেকানোর চেষ্টা করেছিলেন নেতানিয়াহু ও তাঁর মিত্ররা। একই সঙ্গে তাঁরা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। তাঁদের অভিযোগ, আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করেই কাহানা নির্বাচিত হয়েছেন। যদিও অতীতে নেতানিয়াহু ও তাঁর মিত্ররাও বিভিন্ন পার্লামেন্টারি বিষয়ে আরব আইনপ্রণেতাদের সমর্থন চেয়েছেন।
ভোটের সময় কাহানার পক্ষে ভোট দেওয়া প্রত্যেক আরব আইনপ্রণেতাকে উদ্দেশ করে নেতানিয়াহুর জোটের সদস্যরা ‘লজ্জা’ বলে চিৎকার করেন। ভোটের পর ফলাফলের নিন্দা জানিয়ে লিকুদ পার্টি একে ‘নেসেটের ইতিহাসের সবচেয়ে নিচু মুহূর্তগুলোর একটি’ বলে অভিহিত করে। দলটির অভিযোগ, কাহানা এমন আইনপ্রণেতাদের ভোটে নির্বাচিত হয়েছেন, যাঁদের তারা ‘সন্ত্রাসবাদের সমর্থক’ বলে মনে করে।
সরকার গঠনে বিরোধীদের মতপার্থক্য
নেসেটের নিয়ন্ত্রণ পেলেও নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠনের বিষয়ে বিরোধী জোটের নেতাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। আইজেনকট চারটি ইহুদি বিরোধী দলের ৪৮ সদস্যকে নিয়ে একটি সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনা করছেন। তিনি এই সরকারকে ‘জাতীয় জরুরি সরকার’ হিসেবে অভিহিত করেছেন।
এই পরিকল্পনায় আরব দলগুলো সরাসরি সরকারে যোগ দেবে না। তবে বিভিন্ন ছাড় ও সুযোগ-সুবিধার বিনিময়ে পার্লামেন্টে সরকারকে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করবে, যাতে সরকার টিকে থাকতে পারে।

