রণাঙ্গনে আটকে পড়া ইউক্রেনীয় সেনার লোমহর্ষক অভিজ্ঞতা, সত্যতা পেল চুয়াডাঙ্গা ডট নেট

যুদ্ধক্ষেত্রে অবরুদ্ধ অবস্থা থেকে এক ইউক্রেনীয় সেনার অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরার ঘটনার সত্যতা মিলেছে। উদ্ধারকারী ড্রোনের ভিডিও ফুটেজ ও ইউক্রেনীয় সামরিক বাহিনীর দেওয়া তথ্য পর্যালোচনা করে পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা ডট নেট।
ভুক্তভোগী ওই সেনার নাম ভ্লাসেনকো। তিনি ইউক্রেনের সামরিক বাহিনীর ৩০তম মেকানাইজড ব্রিগেডের সদস্য। গত বছরের মে মাসে তাঁকে ও তাঁর এক সহযোদ্ধা ‘বাস্কি’কে খারকিভ অঞ্চলের একটি ফ্রন্টলাইন পজিশনে দায়িত্ব দিয়ে পাঠানো হয়। সেখানে থাকা অবস্থায় নিয়মিত ড্রোনের সাহায্যেই তাঁদের কাছে খাবার ও প্রয়োজনীয় রসদ পাঠানো হতো।
অবরুদ্ধ হয়ে পড়ার দিনগুলো
শরতের সময়ে ওই ফ্রন্টলাইন থেকে তাঁদের সরিয়ে নতুন সেনা মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই চেষ্টা চরম বিপর্যয়ে রূপ নেয়। রাশিয়ার হামলায় দায়িত্ব নিতে যাওয়া নতুন দুজন সেনা ঘটনাস্থলেই নিহত হন। পরে নিহত ওই সেনাদের মরদেহ আনতে যাওয়া আরও দুই সেনাও রুশ হামলায় প্রাণ হারান। একের পর এক সেনার মৃত্যুর পর ভ্লাসেনকো উপলব্ধি করেন, পায়ে হেঁটে ওই এলাকা ছেড়ে নিরাপদে বের হয়ে আসার আর কোনো সুযোগ নেই।
পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। ভূগর্ভস্থ বাঙ্কারটি পানিতে তলিয়ে গেলে তাঁরা পাশের একটি বিধ্বস্ত স্কুলভবনে আশ্রয় খুঁজতে বাধ্য হন। কিন্তু সেখানেও নিরাপদ থাকা যায়নি। আকাশ থেকে ড্রোনের মাধ্যমে পাঠানো শুকনো খাবার ও পোশাক সংগ্রহ করতে বাইরে বের হতেই তাঁদের লক্ষ্য করে বোমা ফেলে একটি রাশিয়ান ড্রোন।

