ঝুঁকি ভাতায় ব্যয় হাজার কোটি

এ ছাড়া ‘পাঁচ জেলায় বিএসটিআইয়ের সম্প্রসারণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের ২ কোটি ২০ লাখ ৭ হাজার ২০০ টাকার কেনাকাটায় অনিয়ম এবং ঠিকাদারের কাছ থেকে ২ লাখ ৬৯ হাজার ১৬১ টাকা লিকুইডেটেড ড্যামেজেস (এলডি) আদায় না করার অভিযোগ রয়েছে। মহাপরিচালকের (ডিজি) অবসরভাতার নামে অনিয়মিতভাবে অর্থ গ্রহণের অভিযোগ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দৃষ্টি আকর্ষণ করা হলে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বিএসটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মবহির্ভূতভাবে বছরে ২৫ থেকে ২৭ মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস ভোগ করাসহ প্রাতিষ্ঠানিকভাবে গড়ে বছরে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ যদি সঠিক হয়ে থাকে, তাহলে বলতে হবে, স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট হয়ে তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে জনগণের অর্থ আত্মসাতের মহোৎসবের স্ট্যান্ডার্ড তৈরিতে লিপ্ত রয়েছে। এসব অনিয়মের সঙ্গে যারা জড়িত, তাদের যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়মবহির্ভূতভাবে ভোগ করা অর্থ বাধ্যতামূলকভাবে ফেরত নেওয়াসহ দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
জনবল কাঠামো পুনর্বিন্যাসের সুপারিশ
দুদকের অনুসন্ধানে বিএসটিআইয়ের জাল সিল ব্যবহার করে নিম্নমানের ও ভেজাল পণ্য বাজারজাত করার অভিযোগ উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবছরে সংস্থাটি ১৭ হাজার ৮৯৭টি খাদ্যপণ্যসহ মোট ২৭ হাজার ৫৭টি নমুনা পরীক্ষা করলেও বাধ্যতামূলক লাইসেন্সের আওতার বাইরে থাকা অনেক পণ্য যথাযথ তদারকির বাইরে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় লাইসেন্সের আওতা বাড়ানো, গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান, কারখানা পরিদর্শন এবং বাজার থেকে নমুনা সংগ্রহ জোরদারের সুপারিশ করেছে দুদক।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কার্যক্রমে সমন্বয়হীনতা এবং একই কাজের পুনরাবৃত্তির কারণে অর্থ ও জনবলের অপচয় হচ্ছে। সুপারিশে এসব সংস্থার দায়িত্ব সুনির্দিষ্ট করা, সমন্বিতভাবে কাজ পরিচালনা এবং আধুনিক কেন্দ্রীয় পরীক্ষাগার স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি লাইসেন্স ও নমুনা অনুমোদন পেতে উদ্যোক্তাদের হয়রানি বন্ধে কর্মকর্তাদের রোটেশন পদ্ধতিতে দায়িত্ব প্রদান, কাউন্টার ইন্টেলিজেন্স ও অভ্যন্তরীণ নজরদারি জোরদারের সুপারিশ করা হয়েছে।
বিএসটিআইয়ের ৮৪২টি অনুমোদিত পদের মধ্যে ৪৭৬টি নবম গ্রেড ও তদূর্ধ্ব হওয়ায় জনবল কাঠামো পুনর্বিন্যাস, মাঠপর্যায়ে তদারকি বাড়ানো এবং পরীক্ষাগার আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ দিয়েছে দুদক। একই সঙ্গে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, অডিট আপত্তি নিষ্পত্তি ও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। এখন এসব সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগই বিএসটিআইয়ের সংস্কার, ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বিএসটিআইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেন, ‘বিষয়টি আমি এখনো জানি না। জেনে আপনাকে জানাতে পারব।’
বেতনের বাইরে বিএসটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের বছরে ২৫ থেকে ২৭টি মূল বেতনের সমান ঝুঁকিভাতা গ্রহণের অভিযোগের বিষয়ে বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, এটা নতুন সত্য নয়। এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। যেভাবে বলা হচ্ছে, বিষয়টি ঠিক এমন নয়, আবার বিষয়টি নতুন নয়।

