ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থানই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য: স্পিকার

স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্ন পথের সহাবস্থান। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া আমাদের সবার কর্তব্য। আমি প্রত্যাশা করি, এই সংসদের প্রতিটি কার্যক্রমে আমরা সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধার পরিচয় দেব এবং জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করব।
সূচনা বক্তব্যে স্পিকার বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন। দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এ দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল। ২৪ জুলাই গণ–অভ্যুত্থানের মাধ্যমে এ দেশে পুনর্বার গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়। গণতন্ত্র ছাড়া একটি দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

