রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদির

এসব হামলার প্রভাব পড়েছে সৌদি আরবের আন্তর্জাতিক আয়োজনগুলোতেও। দেশটির প্রধান বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) বাতিল অথবা স্থগিত করতে হয়েছে। একইভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে আয়োজনের কথা থাকা এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এশিয়ান কাপও পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২৭ সালের জানুয়ারিতে টুর্নামেন্টটি আয়োজনের কথা থাকলেও তা পিছিয়ে একই বছরের ডিসেম্বর মাসে নেওয়া হয়েছে।
গত মাস থেকে সৌদি কর্তৃপক্ষ সম্ভাব্য হামলার আগে নিয়মিত সতর্কবার্তা জারি করছে এবং হামলার পরপরই বিস্তারিত বিবৃতি প্রকাশ করছে। এর আগে এ ধরনের হামলার বিষয়ে তুলনামূলকভাবে সীমিত তথ্য প্রকাশ করত দেশটির কর্তৃপক্ষ।
তবে হামলার পর ক্ষয়ক্ষতির ছবি প্রকাশের ওপর বিধিনিষেধ রয়েছে। সৌদি আইনে এ ধরনের ছবি ছড়িয়ে দেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। তা সত্ত্বেও হামলার দুই দিন পর রিয়াদের ডেপুটি গভর্নর ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার পরিদর্শন করেন। রাষ্ট্রীয় গণমাধ্যমেও ভবনটির ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করা হয়।

