জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান স্পিকারের

সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থানে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া সংসদ সদস্যদের সবার দায়িত্ব।
জাতীয় সংসদকে জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।

