‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে স্পষ্ট প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনার ফেরাসহ যে কোনো বিষয়ে চুক্তি, প্রচলিত আইন, বিধি ও প্রতিষ্ঠিত প্রথা অনুসরণ করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।
একই সঙ্গে দলীয় এমপিদের প্রতি কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বক্তব্য একেবারেই লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে এবং রাজপথেই সব ধরনের ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে’।
সংসদীয় সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে রাজপথের রাজনীতির পাশাপাশি স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়ন কাজ, দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি এবং আসন্ন রমজান মাস ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার বিষয় নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছ থেকে নিজ নিজ দপ্তরের সাম্প্রতিক কার্যক্রমের জবাব চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সভাকে অবহিত করেন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছার কথা জানান এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট-এনআইডির আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়।

