প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে বাংলাদেশ-তুরস্কের আলোচনা

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ-৩১ সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।
প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিস্তারের পাশাপাশি দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।
এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন প্রত্যাশা
রোহিঙ্গা সংকট সমাধানে ধারাবাহিক সমর্থনের জন্য তুরস্কের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

