বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রাথমিক শিক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ: ববি হাজ্জাজ

তিনি জানান, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ তাদের অন্যতম অগ্রাধিকার। আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারের উন্নয়ন-পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে প্রান্তিক পর্যায়ের শিশুদের কাছে শিক্ষার সুফল পৌঁছে দিতে সংস্থাটি সরকারের সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহী।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতার পাশাপাশি সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক শিক্ষাকে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী করতে নানা কার্যক্রম চলছে।
বৈঠকে মেয়েদের মাধ্যমিক পর্যায় থেকে ঝরে পড়া রোধ, নিরাপদ ও শিশুবান্ধব বিদ্যালয় পরিবেশ নিশ্চিতকরণ, পৃথক স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত সুবিধা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীকে সক্ষম করে তোলার বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং ডিরেক্টর নিশাত সুলতানা উপস্থিত ছিলেন।

