বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, প্রবেশপথে তল্লাশিসাফের ব্যর্থতা ভুলে বাংলাদেশকে নিয়ে ডুলির নতুন পরিকল্পনালালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপহঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন
বিজ্ঞাপন

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানো সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানো সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন

পোশাক খাত দেশের অর্থনীতির মূল প্রাণশক্তি

পোশাক খাতকে দেশের অর্থনীতির মূল প্রাণশক্তি উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, এই খাতের ঐতিহাসিক উত্তরাধিকার নিয়ে সরকার অত্যন্ত গর্বিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে এই খাতের সূচনা হয়েছিল। শিল্প বিকাশ ও সুরক্ষায় সেই নীতিগত সুবিধার সমৃদ্ধ ঐতিহ্যকে ধারণ করেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

রপ্তানি বাস্কেট সম্প্রসারণ ও টেকসই উন্নয়নের তাগিদ দিয়ে তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির অগ্রগতি ধরে রাখতে হলে পোশাক পণ্যের বৈচিত্র্য আনয়ন এবং এর পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশ ঘটাতে হবে। বৈশ্বিক মানদণ্ড অনুসরণ, আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে শিল্পকে স্বাবলম্বী করে তুলতে সরকার সব ধরনের নীতি সহায়তা অব্যাহত রাখবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান অর্থবহ ও মর্যাদাপূর্ণ করার ওপর জোর দেন মাহ্দী আমিন। এ পোশাক শিল্পে লাখো নারীর অংশগ্রহণের মাধ্যমে সূচিত ঐতিহাসিক নারী ক্ষমতায়নের ধারাকে টেকসই করতে তাদের উপযুক্ত পরিবেশ ও অধিকার সুরক্ষার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

৩০০টি ‘লিড সার্টিফাইড’ পরিবেশবান্ধব সবুজ কারখানা বিশ্বের পথপ্রদর্শক

তৈরি পোশাক খাতের চমৎকার পরিবেশবান্ধব পরিবর্তনের চিত্র তুলে ধরে মাহ্দী আমিন জানান, এককভাবে শুধু পোশাক খাতেই বাংলাদেশে আজ প্রায় ৩০০টি ‘লিড সার্টিফাইড’ পরিবেশবান্ধব সবুজ কারখানা গড়ে উঠেছে। বিশ্বমঞ্চে সৃজনশীলতা, পরিবেশবান্ধব রূপান্তর এবং কাঠামোগত সক্ষমতার দিক থেকে এসব কারখানা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে ও বিশ্বকে পথ দেখাচ্ছে।

সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার

সুশাসন ও প্রাতিষ্ঠানিক রূপান্তরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আইনের শাসন, সামাজিক সুবিচার ও সাম্যভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। বন্দর থেকে শুল্ক ব্যবস্থা পর্যন্ত প্রতিটি সেবা প্রদানকারী সংস্থাকে সময়োপযোগী সংস্কার ও সুনির্দিষ্ট জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে।

পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে মাহ্দী আমিন বলেন, উন্নয়নের নামে অতীতে নির্বিচারে বৃক্ষনিধন ও পরিবেশ ধ্বংসের ক্ষত কাটিয়ে উঠতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যুগান্তকারী জাতীয় অঙ্গীকার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ পোশাকের সাফল্যের পেছনে রয়েছে এ দেশের মেহনতি মানুষের চার-পাঁচ দশকের ত্যাগ ও অধ্যবসায়।

টেকসই উন্নয়নের ৪ স্তম্ভ বাস্তবায়নে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান

সরকারের টেকসই উন্নয়নের পথনকশার মূল চারটি স্তম্ভের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পরিবেশের সুরক্ষা, ব্যক্তির ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা, নতুন সম্ভাবনাময় শিল্পের বিকাশ এবং সুশাসন ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। এই লক্ষ্য অর্জনে উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক অংশীদার এবং বেসরকারি খাতকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

টেকসই উন্নয়নকে যে কোনো দেশের সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রার অপরিহার্য শর্ত হিসেবে উল্লেখ করে এ খাতে বাংলাদেশের বেসরকারি খাতের অগ্রগামী ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, শিল্প খাতের দিকে তাকালে স্পষ্টভাবে দেখা যায় আমাদের বেসরকারি খাত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে এই টেকসই অগ্রযাত্রায় নেতৃত্ব দিচ্ছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...