আইজেএমের সঙ্গে কাজ করতে একমত বাংলাদেশ পুলিশ

মানবপাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের উদ্ধার ও সুরক্ষা এবং ডিজিটাল আর্থিক অপরাধের তদন্তে সহযোগিতা জোরদার করতে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের (আইজেএম) সঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে মানবপাচার প্রতিরোধ ও ভুক্তভোগীদের উদ্ধারে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং আইজেএমের যৌথ কার্যক্রমের প্রশংসা করেন আইজিপি।
বৈঠকে পুলিশ কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্ত সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। সম্প্রতি রাজারবাগের ডিটেকটিভ ট্রেনিং স্কুলে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের ব্লকচেইন ট্রেসিং, ডার্ক ওয়েব-সংক্রান্ত তদন্ত এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিষয়ে বিশেষ প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়।

