আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

মহাপরিকল্পনার লক্ষ্য ১ হাজার ৪৯৮ পর্যটন কেন্দ্র
জাতীয় পর্যটন মহাপরিকল্পনার সারসংক্ষেপ অনুযায়ী, এই নথিতে ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা তুলে ধরা হয়েছে। এর মূল লক্ষ্য হলো বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্যে পরিণত করা।
মহাপরিকল্পনাটিতে দেশের আটটি প্রশাসনিক বিভাগে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ বা আকর্ষণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং অবকাঠামো, পর্যটন পণ্য, গন্তব্য ব্যবস্থাপনা, বিপণন ও মানবসম্পদের সমন্বিত উন্নয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
এতে ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই রূপরেখায় সমুদ্রসৈকত, ইকো-টুরিজম, সাংস্কৃতিক, ঐতিহ্যবাহী, ধর্মীয়, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক, গ্রামীণ, ক্রুজ ও ‘মাইস’ (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) পর্যটন বিকাশের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, গন্তব্য ব্যবস্থাপনা শক্তিশালী করা ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণেরও সুপারিশ করা হয়েছে এতে।
এর পাশাপাশি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা ও স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার একটি বড় সুপারিশও রাখা হয়েছে।

