সৌরবিদ্যুৎ ব্যবহারে ১৩ লাখ টাকা সাশ্রয় ডাক বিভাগের

একই হার ধরে হিসেব করলে, সৌরবিদ্যুতের নিজস্ব ব্যবহার থেকে প্রায় ৫ লাখ ৬১ হাজার টাকা এবং গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ থেকে প্রায় ৭ লাখ ৩১ হাজার টাকা বিলের সঙ্গে সমন্বয় হয়েছে। এ হিসেবে প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ৯২ হাজার টাকা সাশ্রয় হয়েছে।
পরিবেশের দিক থেকেও এই উদ্যোগের সুফল রয়েছে। দেশের গ্রিড বিদ্যুতের বেশির ভাগ আসে জীবাশ্ম জ্বালানি থেকে। আন্তর্জাতিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম লো কার্বন পাওয়ারের হিসেবে, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশের গ্রিডে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে প্রায় ৫৮২ গ্রাম কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়েছে। এ হার ধরলে ১৪টি এমপিসির উৎপাদিত সৌরবিদ্যুৎ আনুমানিক ৫০ টন কার্বন নিঃসরণ কমিয়েছে।
তবে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আবহাওয়ার ওপর নির্ভরশীল হওয়ায় বৃষ্টির দিন ও ঘন কুয়াশার সময় উৎপাদন কমে যায়। তখন কার্যক্রম সচল রাখতে কেন্দ্রগুলোকে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়। ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে কেন্দ্রগুলো গ্রিড থেকে মোট ১ লাখ ১ হাজার ৬৮০ ইউনিট বিদ্যুৎ গ্রহণ করেছে।
ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বলেন, সৌরবিদ্যুৎ আবহাওয়ার ওপর নির্ভরশীল। তাই বৃষ্টি ও কুয়াশার দিনে আমাদের গ্রিডের বিদ্যুৎ নিতে হয়। তবুও উৎপাদিত বিদ্যুতের বড় অংশ গ্রিডে সরবরাহ করতে পারায় কেন্দ্রগুলোর বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে।
তিনি বলেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে দীর্ঘ মেয়াদে এই সাশ্রয় আরও বাড়বে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে কেন্দ্রগুলোর সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। তবে প্রযুক্তিটি দেশে নতুন হওয়ায় প্যানেল স্থাপনের পর চালু অবস্থায় সরকারি বিভিন্ন সংস্থার ছাড়পত্র নিতে হয়েছে। স্থাপনের আগে এসব ছাড়পত্র নেওয়া সম্ভব হয়নি।
একই সঙ্গে নেট মিটারিং পদ্ধতি বিদ্যুৎ বিভাগের জন্যও নতুন হওয়ায় বিদ্যুতের হিসাবরক্ষণ ও জাতীয় গ্রিডের সঙ্গে আর্থিক সমন্বয়ের প্রক্রিয়া ঠিক করতে সময় লেগেছে। এসব কারণে ২০২৩ সাল থেকে কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু হয়।

