অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদশেকে দেওয়ার আশ্বাস সৌদির

বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি, হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ৯ নভেম্বর সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।
বৈঠকে ধর্মমন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের অসাধারণ উদ্যোগ ও সেবার ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও সুদৃঢ় হবে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

