ইবিতে ভর্তি জালিয়াতি, দুই কর্মকর্তাকে শোকজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীসহ তার স্বামীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া একই ঘটনায় দায়িত্বে অবহেলা ও অপেশাদার আচরণের অভিযোগে বিভাগের দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতারণার মাধ্যমে ভর্তি হওয়ার অভিযোগে শিক্ষার্থী শামিমা আক্তার, তার স্বামী ও ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন এবং এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ইংরেজি বিভাগের উপ-রেজিস্ট্রার ইসরত জাহান ও সহকারী লাইব্রেরিয়ান মুরাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামিমা আক্তারের বিরুদ্ধে ভর্তি জালিয়াতির অভিযোগ ওঠে। বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে তিনি ভর্তি হন এবং ওই শিক্ষাবর্ষের নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নেন। পরে পরীক্ষার ফলাফল প্রস্তুতের সময় বিষয়টি পরীক্ষা কমিটির নজরে আসে। এরপর জরুরি সভায় তার পরীক্ষায় অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্ত নেয় বিভাগ।

