সিডরের ১৯ বছর: অরক্ষিত বাঁধ, কাটেনি আতঙ্ক

এখনো আঁতকে ওঠে উপকূলবাসী
সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাগেরহাটের শরণখোলা উপজেলা। এই উপজেলার শুধু সাউথখালী ইউনিয়নে মারা যায় ৮০০-এর বেশি মানুষ। আহত হয় কয়েক হাজার মানুষ। ফসলি জমি, বসতভিটাসহ সম্পদ ও স্বজন হারায় অনেক মানুষ। ভয়ংকর সেই দিনের কথা মনে উঠলে আজও আঁতকে ওঠে উপকূলের মানুষ। অজান্তেই চোখের কোণে পানি জমে স্বজন হারানো মানুষের।
সরকারি হিসাবে ২০০৭ সালের ১৫ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের তীব্র বাতাস ও জলোচ্ছ্বাসে উপকূলীয় জেলা বাগেরহাটে ৯০৮ জনের প্রাণহানি ঘটে। ঘূর্ণিঝড়ে দেড় লক্ষাধিক বাড়িঘর, গাছপালা ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়।
শরণখোলা উপজেলার বগী গ্রামের বাসিন্দা নাসিমা বেগম বলেন, ‘প্রচণ্ড ঝড়, বাতাস ও জলোচ্ছ্বাসে আমাদের সব হারিয়ে যায়। শুধু আমাদের পরিবারেরই মা, বাবা, ছেলেসহ ১৩ জনের মৃত্যু হয়। সিডরের ৮ দিন পর ছেলের দাফন সম্পন্ন করেন তাঁরা।’
তবে ১৯ বছর পরও সিডরের ক্ষত এখনো স্পষ্ট উপকূলজুড়ে। সিডরের পর স্বজন হারানোর বেদনা ও আর্থিক ক্ষতি ভুলে শরণখোলা-মোরেলগঞ্জবাসীর একমাত্র দাবি ছিল টেকসই বেড়িবাঁধ। স্থানীয়দের দাবির প্রতিফলন হিসেবে বিশ্বব্যাংকের অর্থায়নে সাড়ে তিন শ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জ থেকে শরণখোলা উপজেলার বগী-গাবতলা পর্যন্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণ শেষের তিন বছর যেতে না যেতেই বাঁধের শরণখোলা অংশের বগী, গাবতলা, সাউথখালী, মোরেলগঞ্জের আমতলা, ফাসিয়াতলাসহ একাধিক স্থানে ফাটল, বাঁধের ব্লক ধসে বিলীন হচ্ছে বলেশ্বর নদীতে। ভাঙন-আতঙ্ক ও জমিঘর হারানোর ভয় স্থানীয়দের। তাঁদের অভিযোগ, বাঁধ নির্মাণের সময় মাটির বদলে বালু দেওয়ায় ঝুঁকিতে পড়েছেন তাঁরা। হস্তান্তরের আগেই এমন অবস্থা হওয়ায় চিন্তিত এলাকাবাসী। টেকসই বেড়িবাঁধে ঝুঁকির মধ্যে রয়েছে অন্তত ১৫ কিলোমিটার বেড়িবাঁধ। ঝুঁকিপূর্ণ এলাকা সংস্কার করে ভিটেমাটি রক্ষার ব্যবস্থা করার দাবি স্থানীয়দের।
স্থানীয় রিয়াদুল ইসলাম বলেন, আসলে সবকিছু হারিয়ে আমরা একটা টেকসই বেড়িবাঁধ চেয়েছিলাম। কিন্তু বাঁধের কাজ সম্পন্ন হওয়ার পর থেকেই বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় গর্ত। এটা মূলত বাঁধের মধ্যে বালু দেওয়ার কারণে হয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, ‘যখন বাঁধ নির্মাণ হয়, তখন নদী ও বাঁধের মাঝে অন্তত ২০০ থেকে ৫০০ মিটার সেটব্যাক (চর বা উঁচু স্থান ছিল) ছিল। কিন্তু বলেশ্বরের ভাঙনে আসলে নদী এখন একদম বাঁধের কাছে চলে আসছে। তবে বলেশ্বরের ভাঙন স্থায়ীভাবে বন্ধ করার উপায় খুঁজতে একটি ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) করা হয়েছে। এই রিপোর্ট পেলে নদীশাসন ও ভাঙনরোধে নতুন প্রস্তাবনা দেওয়া হবে। সেটি বাস্তবায়ন হলে নদীভাঙন ও বাঁধ রক্ষার স্থায়ী সমাধান হবে।’

