জনতা ব্যাংকের এমডি নিয়োগের যোগ্যতা কী, সংসদে অর্থমন্ত্রীর কাছে হাসনাতের প্রশ্ন

হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করেন, মাঝারি আকারের একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে কী যোগ্যতার ভিত্তিতে জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের এমডি নিয়োগ দেওয়া হয়েছে? এই নিয়োগের যোগ্যতা কী? আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি বাস্তবায়ন কবে হবে?
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। সরকারি বা বেসরকারি—উভয় খাত থেকেই যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হতে পারে। প্যানেলের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত যাচাই করে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের নির্বাচন করা হচ্ছে। প্রার্থী বেসরকারি খাত থেকে এসেছেন, নাকি সরকারি ব্যাংকে কাজ করছেন, তা বিবেচনায় নেওয়া হয় না।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা চাই যোগ্য ও দক্ষ ব্যক্তিরা ব্যাংকগুলোর দায়িত্ব নিক এবং ব্যাংকগুলো যে খাদের মধ্যে পড়েছে, সেখান থেকে বেরিয়ে আসুক। শুধু ব্যাংকের এমডি নয়, পরিচালনা পর্ষদেও যোগ্য ব্যক্তিদের প্যানেল থেকে বাছাই করে নিয়োগ দেওয়া হচ্ছে। কোনো রাজনৈতিক বিবেচনায় আজ পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়নি। ভবিষ্যতেও হবে না। যোগ্যতার ভিত্তিতেই এসব নিয়োগ দেওয়া হচ্ছে।’
অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে। অনেকে আশঙ্কা করেছিলেন, ব্যাংক থেকে গ্রাহকেরা টাকা তুলে নেবেন এবং বড় ধরনের সংকট তৈরি হবে। কিন্তু এখন উল্টো পরিস্থিতি দেখা যাচ্ছে। ব্যাংকিং খাতে নিট আমানত বাড়ছে এবং এ খাত ঘুরে দাঁড়াচ্ছে।

