দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, মোতায়েন ২৩ প্লাটুন

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সীমান্তের দুর্গম যোগাযোগব্যবস্থার সুযোগ নিয়ে কোনো অপরাধী বা অপশক্তি যেন নাশকতা করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সার্বিক নিরাপত্তা জোরদারে সীমান্তে ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তঘেঁষা কালীতলা এলাকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।
সেক্টর কমান্ডার বলেন, নির্দিষ্ট কোনো স্থানকে আলাদা না করে গোটা সীমান্ত এলাকাকেই বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এবং নিরাপত্তা বজায় রাখতে ২৩ প্লাটুন সদস্য নিয়োজিত রয়েছেন।

কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া আরও উল্লেখ করেন, সীমান্তের দুই পাশেই অপরাধীদের যাতায়াতের ঝুঁকি থাকে। সে কারণে পুরো সীমান্ত জুড়েই সমান গুরুত্ব দিয়ে পাহারা দিচ্ছে বিজিবি। কোনো নির্দিষ্ট এলাকাকে আলাদাভাবে স্পর্শকাতর না বললেও যেকোনো পরিস্থিতি তাৎক্ষণিকভাবে সামাল দিতে বাহিনী সজাগ রয়েছে।
এর আগে কালীতলা এলাকার তিনটি পৃথক পূজামণ্ডপ ঘুরে দেখেন মোহাম্মদ সুরুজ মিয়া এবং সেখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
এ সময় নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

