নথিভুক্ত সুপারিশে আটকে অডিট, সড়কে কমছে না প্রাণহানি

নানা সরকারি-বেসরকারি উদ্যোগ আর প্রচার-প্রচারণা সত্ত্বেও দেশের সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির লাগাম টানা যাচ্ছে না। বছরের পর বছর ধরে রাজপথে রক্ত ঝরলেও পরিস্থিতির স্থায়ী কোনো উন্নতি দেখা যাচ্ছে না।
যাত্রী কল্যাণ সমিতির হিসাব অনুযায়ী, ২০১৪ সাল থেকে গত ১৩ বছরে দেশে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় প্রাণ গেছে ১ লাখ ২৫ হাজার ৪০৫ জনের। একই সময়ে পঙ্গুত্ব বরণ করাসহ নানাভাবে আহত হয়েছেন আরও ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন।
উদ্বেগ বাড়াচ্ছে মোটরসাইকেল
সড়কে প্রাণহানির বড় একটি অংশ দখল করে আছে দুই চাকার যান মোটরসাইকেল। রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যানে দেখা যায়, ২০২০ সালে যেখানে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা ছিল ১ হাজার ৩৮১, ২০২৫ সালে তা লাফিয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৯-এ। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে এ বাহনে দুর্ঘটনা বেড়েছে প্রায় ১১৯ শতাংশ। পাশাপাশি এই সময়ে মৃত্যু ১ হাজার ৪৬৩ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৭১ জনে, যা শতকরা হিসাবে প্রায় ৮৩ শতাংশ বেশি।
বিশেষজ্ঞ ও খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের পর্যবেক্ষণ অনুযায়ী, সড়ক অবকাঠামো ও নকশায় নানা ত্রুটি রয়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বেপরোয়া গতি, চালকদের অসচেতন আচরণ, যানবাহনের দুর্বল কারিগরি অবস্থা ও নিয়ম অমান্য করে চলাচলের প্রবণতা। এসব কারণেই সড়কে শৃঙ্খলা ফিরছে না।
অডিট বাস্তবায়নে চাই জবাবদিহি
সড়কের এই অচলাবস্থা কাটাতে নিরাপত্তা নিরীক্ষা বা অডিটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন পরিবহন বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শামসুল হক জানান, সড়ক নিরাপত্তা অডিট যেন কেবল নথিপত্র তৈরির আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে।
অধ্যাপক শামসুল হক বলেন, অডিটের যেসব সুপারিশ আসে, তা মাঠপর্যায়ে ঠিকমতো কার্যকর করা হচ্ছে কি না, সেটি শক্তভাবে তদারক করা জরুরি। যেকোনো সড়ক নির্মাণের আগেই নিরাপত্তা সমীক্ষা সম্পন্ন করতে হবে। এমনকি সড়ক চালুর পরও প্রতি দুই থেকে তিন বছর পরপর নিয়মিত অডিট হওয়া দরকার, কারণ সময়ের সঙ্গে সঙ্গে সড়কের ঝুঁকির ধরনও বদলে যায়।
তিনি আরও যোগ করেন, কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার পর তৎপর না হয়ে আগেই সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। সারা বছর ধরে দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও তা বিশ্লেষণ করার প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা চাই। তবে এ ধরনের উদ্যোগ সফল করতে হলে সরকারের রাজনৈতিক সদিচ্ছা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর জবাবদিহি নিশ্চিত করাই মূল চাবিকাঠি।

