হিজামা কাকে বলে, হিজামা সম্পর্কে নবী (সা.) কী বলেছেন

হিজামা সম্পর্কে হাদিস
হিজামা কেবল একটি প্রাচীন বা প্রচলিত প্রথাই নয়, এটি প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর অত্যন্ত পছন্দনীয় ও নির্দেশিত একটি সুন্নতি চিকিৎসা-পদ্ধতি। তিনি নিজে হিজামা করিয়েছেন, এর উপকারিতা সম্পর্কে উম্মতকে অবহিত করেছেন এবং নিয়মিত এটি ব্যবহারে উৎসাহিত করেছেন। হাদিসের আলোকে হিজামা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো:
উত্তম চিকিৎসা-পদ্ধতি:
আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
‘জিবরাইল (আ.) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, এর মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ (মুস্তাদরাকে হাকিম: ৭৪৭০)
অন্য এক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও, হিজামা সেগুলোর মধ্যে উত্তম ব্যবস্থা অথবা (বলেছেন) এটি তোমাদের ওষুধের মধ্যে অধিক ফলদায়ক।’ (সহিহ মুসলিম: ৩৯৩০)
রোগমুক্তির মাধ্যম:
জাবির বিন আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি অসুস্থ মুকান্নাকে দেখতে গিয়ে বলেন, আমি প্রত্যাবর্তন করব না, যতক্ষণ না তুমি হিজামা লাগাবে। কেননা আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘নিশ্চয়ই এর (হিজামার) মধ্যে নিরাময় রয়েছে।’ (সহিহ বুখারি: ৫৬৯৭)
ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত—শিঙা লাগানো (হিজামা), মধু পান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়ার মধ্যে। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’ (সহিহ বুখারি)
নবীজির নিজের হিজামা গ্রহণ:
রাসুলুল্লাহ (সা.) প্রয়োজনের তাগিদে শরীরের বিভিন্ন স্থানে হিজামা করিয়েছেন। তিনি মাথাব্যথার জন্য মাথায়, ব্যথার কারণে পায়ে, পিঠে, দুই কাঁধের মাঝখানে এবং ঘাড়ের দুটি রগে হিজামা করেছেন। আনাস বিন মালিক (রা.) বর্ণনা করেছেন যে, নবী করিম (সা.)-এর পায়ে ব্যথা থাকায় তিনি ইহরাম অবস্থায়ও হিজামা করিয়েছিলেন। (সুনানে নাসায়ি: ২৮৫২)
ফেরেশতাদের সুপারিশ:
হিজামার গুরুত্ব এতটাই যে, মিরাজের রাতে প্রিয় নবী (সা.) ফেরেশতাদের যে দলের পাশ দিয়েই অতিক্রম করেছেন, তারাই তাঁকে হিজামা করানোর পরামর্শ দিয়েছেন এবং উম্মতকেও এর আদেশ করতে বলেছেন। (সুনানে ইবনে মাজাহ: ৩৪৭৯, জামে তিরমিজি: ২০৫২)

