দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৪০০ বছরের পুরোনো চড়ুলগাছ

কয়েক প্রজন্মের স্মৃতি আর এলাকার ঐতিহ্য জড়িয়ে ছিল গাছটিকে ঘিরে। পথচারীরা এর ছায়ায় বিশ্রাম নিতেন, স্থানীয়দের কাছে এটি ছিল ইতিহাসের সাক্ষী। গাজীপুরের কাপাসিয়ায় প্রায় ৪০০ বছরের পুরোনো সেই বিরল চড়ুলগাছে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে গাছটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
গত রোববার (৮ নভেম্বর) ভোরে উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামের প্রাচীন গাছটিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও গাছটি আর বাঁচার মতো অবস্থায় নেই বলে জানিয়েছেন তারা।
স্থানীয়ভাবে গাছটি চড়ুল নামে পরিচিত। দেখতে অনেকটা বটগাছের মতো। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাছটির মালিকানা দাবি করা স্থানীয় বাসিন্দা হাসিম মুন্সি বলেন, আমার দাদা এই গাছটি আমার বাবাকে দিয়ে গেছেন। গাছটির নিচে মানুষ বিশ্রাম নিতেন। এটি আমার আধা বিঘা জমিতে রয়েছে। আমরা এটিকে চড়ুলগাছ নামে চিনি। কখনো গাছটির একটি ডালও কাটিনি। কাপাসিয়া উপজেলায় এর চেয়ে পুরোনো গাছ আর ছিল না।

তিনি আরও বলেন, ভোরে লোকজনের কাছে খবর পেয়ে গাছটির কাছে গিয়ে আগুন জ্বলতে দেখেন। এ সময় অনেকেই নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করেন। তার ধারণা, কেউ পরিকল্পিতভাবে গাছের নিচে জ্বালানি জাতীয় কোনো পদার্থ দিয়ে আগুন ধরিয়েছে।

