পলাতক অপরাধী কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন, প্রশ্ন রিজভীর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর কীভাবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিচার নিশ্চিত করা আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থেই জরুরি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাঠে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’র রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার আলোচনার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পতন হয়েছে ২০২৪ সালে। হঠাৎ করে তিনি আসবেন বলছেন। তিনি পাসপোর্টের জন্য, এনআইডির জন্য আবেদন করবেন—এমন কথা বলছেন। অথচ তিনি কীভাবে দেশ ছেড়ে গেছেন, তা সবাই জানেন। তিনি পালিয়ে গেছেন।’
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দিতে গিয়ে তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন, পলাতকদের বক্তব্য প্রচার করা যায় না। এখন শেখ হাসিনার ক্ষেত্রে সেই যুক্তি কীভাবে প্রযোজ্য হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
রিজভী বলেন, ‘তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন, যারা ফিউজিটিভ (পলাতক), তাদের বক্তব্য প্রচার করা যায় না। তাহলে আজকে একজন সত্যিকার অর্থে পলাতক, যিনি জনগণের চোখের সামনে দিয়ে পালিয়ে গেছেন, তাঁর ক্ষেত্রে কী যুক্তি প্রযোজ্য হবে?’
তারেক রহমানের বিদেশে অবস্থানের কারণ ব্যাখ্যা করে রিজভী বলেন, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য তাকে দেশ ছাড়তে হয়েছিল। এরপর তার বিরুদ্ধে একের পর এক মামলা ও হয়রানি করা হয়েছে। অন্যদিকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে দাবি করে রিজভী বলেন, দেশে অতীতের মতো ‘আমিডামির নির্বাচন’ কিংবা ‘মিডনাইট নির্বাচন’ হয়নি। জনগণের ভোটে নির্বাচিত এই সরকার আইনের যথাযথ ও ন্যায়সংগত প্রয়োগ নিশ্চিত করবে।
আইন ও আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার সেই নীতি বাস্তবায়ন করবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প নিয়ে অংশ নেয়। সকাল থেকে শিক্ষার্থীরা অতিথিদের সামনে নিজেদের প্রকল্প উপস্থাপন করে। দিনব্যাপী প্রদর্শনী ও মতবিনিময় শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

