বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধসাবেক মন্ত্রী নানকের বরিশালের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগচীন–যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্পঅস্ট্রেলিয়ার অধিনায়ককে বাসার সামনেই ঘিরে ধরলেন সাংবাদিকেরা, কিন্তু কেনসশস্ত্র বাহিনী দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজশ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিকরণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তার
বিজ্ঞাপন

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস: জ্বালানি প্রতিমন্ত্রী

দীর্ঘদিন ধরে গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের সংকটে শিল্পায়নে পিছিয়ে রয়েছে খুলনা অঞ্চল। এ সংকট কাটাতে ২০৩০ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস খুলনায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং জ্বালানির অভাবে বন্ধ ও অলস পড়ে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী বলেন, একসময় খুলনা অঞ্চলের পাটকলগুলো বিশ্বজুড়ে এ বিভাগের পরিচিতি তুলে ধরেছিল। দেশের অর্থনীতিতেও এসব শিল্পকারখানার গুরুত্বপূর্ণ অবদান ছিল। কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে না পারা এবং গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাবে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। খালিশপুর, দৌলতপুর ও মোংলায় শিল্পায়নের বিপুল সম্ভাবনা থাকলেও জ্বালানিসংকটে তা কাজে লাগানো যাচ্ছে না।

তিনি বলেন, মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যশোরের অভয়নগরেও বড় অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। কিন্তু এসব অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করা না গেলে শিল্পায়নের উদ্যোগ কার্যকর হবে না। এ কারণে ভোলা থেকে পাইপলাইনে গ্যাস আনার পাশাপাশি এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এ উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ২০০৫ সালের ঘোষণার কথা উল্লেখ করেন। সে সময় ২০০৭ সালের মধ্যে খুলনা বিভাগে গ্যাস-সংযোগ দেওয়ার পরিকল্পনা ছিল।

খুলনার বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কাজে লাগানোর উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রূপসার ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রসহ খুলনায় প্রায় ১ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার আরও দুটি বিদ্যুৎকেন্দ্র জ্বালানির অভাবে অলস পড়ে রয়েছে। এসব কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া মোংলা, খালিশপুর, দৌলতপুর, যশোরের অভয়নগর ও ভৈরববাজারের বিদ্যুৎকেন্দ্রগুলো সচল করতে সরকার কাজ করছে।

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, লবণসহিষ্ণু ধান উৎপাদন, বন্যার আগাম সতর্কবার্তা, রান্নাঘরের বর্জ্য ও বায়োমাস থেকে জ্বালানি তৈরি, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবাদিপশুর রোগ শনাক্তকরণে শিক্ষার্থীদের উদ্ভাবনগুলো মানুষের বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে। পুরস্কার পাওয়া প্রকল্পের পাশাপাশি মানুষের জীবনমান বদলে দেওয়ার সম্ভাবনাময় উদ্ভাবনগুলোর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...