এপার-ওপার কোথাও ঠাঁই নেই, ৪ দিন ধরে শূন্যরেখায় এক নারী

এক টুকরো কম্বলই এখন তার আশ্রয়। খড়কুটার ওপর বিছানো সেই কম্বলে বসেই কাটছে দিন-রাত। মাথার ওপর খোলা আকাশ, চারপাশে কাঁটাতারের বেড়া। দুই পাশে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারা। কখনো বাংলাদেশে, কখনো ভারতে যাওয়ার চেষ্টা করলেও কোনো দিকেই প্রবেশের সুযোগ হচ্ছে না। এভাবেই টানা চার দিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন আনুমানিক ৩০ বছর বয়সি এক নারী।
ঘটনাটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের। গত মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর পর্যন্ত ওই নারীকে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে। তীব্র রোদ ও রাতের কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচেই কাটছে তার সময়।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার নারীদের দেওয়া বিস্কুট ও পানি খেয়ে কোনোমতে দিন পার করছেন ওই নারী। তার মানবিক পরিস্থিতি বিবেচনায় দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা।

