গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিলেন স্ত্রী, বললেন ‘মামলা করব না’

নিহত মেহেদী হাসান নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি যুবলীগের কর্মী ছিলেন। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম একই ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় নগরের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে ছুরিকাঘাতে নিহত হন ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামান (৩৫)। পরে রাত ১টার দিকে উত্তেজিত লোকজন মেহেদীদের বাড়িতে আগুন দেন এবং মেহেদীকে পিটুনি দেন। সোমবার ভোরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর থেকে তাঁর মরদেহ হাসপাতালের লাশঘরে ছিল।
নিহত মেহেদী হাসানের স্ত্রী মীম আক্তার বলেন, ‘মেহেদীর মরদেহ নিয়ে তাঁর নানাবাড়ি মাসকান্দা গণসার মোড় এলাকায় এসেছি। তাঁকে নিজের গ্রামে কবর দিতে চাইলেও পুলিশ মরদেহ নিয়ে মধ্য বাড়েরা এলাকায় নিতে দিচ্ছে না।’

