‘৫ লাখ টাকা’ না পেয়ে ২ যুবককে ছাত্রলীগ বানিয়ে মারধর ও পুলিশে দেওয়ার অভিযোগ

হুমায়ুন কবিরের পরিবারের অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর হুমায়ুনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বাতেন দেওয়ান। হুমায়ুন চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বাতেন ও তাঁর সহযোগীরা হুমায়ুনের বৃদ্ধ বাবা ও সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী প্যাদাকে মারধর করেন।
হুমায়ুনের বড় ভাই মো. মঞ্জু মিয়া বলেন, গত ১০ নভেম্বর ছুটিতে বাড়িতে আসেন হুমায়ুন। বিষয়টি জানতে পেরে গতকাল রাতে বাতেন দেওয়ান ও তাঁর সহযোগীরা বউবাজার এলাকা থেকে হুমায়ুন ও রাকিবকে তুলে নিয়ে যান। পরে তাঁদের মারধর করে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য আখ্যা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঞ্জু মিয়া আরও বলেন, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তাঁদের পরিবারের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এর আগেও তাঁর বাবাকে মারধর করা হয়েছে। এবার তাঁর ভাই ও চাচাতো ভাইকে তুলে নিয়ে নির্যাতনের পর পুলিশে দেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, বাতেন দেওয়ান এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাঁদের দাবি, কেউ অপরাধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা যেতে পারে। কিন্তু কাউকে তুলে নিয়ে নির্যাতন করার অধিকার কারও নেই।

