শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

খাবারে ভেজালের কারবার, বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০২:০৪ এএম
খাবারে ভেজালের কারবার, বড় ঝুঁকিতে জনস্বাস্থ্য

কঠোর অবস্থানের ঘোষণা

খাদ্যে ভেজাল রোধে আরও কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী দেড় বছরের মধ্যে দেশের সব খাবারের দোকান, হোটেল ও রেস্তোরাঁকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (আইন ও নীতি) মো. আনোয়ারুল ইসলাম সরকার আজকের পত্রিকাকে বলেন, নিয়মিত অভিযান চালিয়ে ভেজালের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হচ্ছে।

তবে পর্যবেক্ষকেরা বলছেন, শুধু আইন জারি, অভিযান কিংবা জরিমানার অঙ্ক বাড়ালেই নিরাপদ খাদ্য নিশ্চিত হবে না। উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমোদন, কাঁচামালের উৎস, উপাদানের তালিকা, উৎপাদনপ্রক্রিয়া ও সংরক্ষণব্যবস্থার ওপর নিয়মিত তদারকি থাকতে হবে। সন্দেহজনক পণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা এবং তার ফলাফল প্রকাশ নিশ্চিত করতে হবে।

গুরুতর ঝুঁকিতে জনস্বাস্থ্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৫০ লাখ মানুষ খাদ্যে বিষক্রিয়ার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক গবেষণায় লিভার ও কিডনির সমস্যার পাশাপাশি হৃদ্‌রোগের জন্যও বিষযুক্ত খাদ্যকে দায়ী করা হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ

জনস্বাস্থ্য ও প্রিভেনটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ভেজাল খাবার শরীরের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ভেজাল খাদ্যের মাধ্যমে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ রোগজীবাণুর পাশাপাশি সিসা, পারদ, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতু, অতিরিক্ত কীটনাশক এবং সংরক্ষণের নামে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক দ্রব্য শরীরে প্রবেশ করছে। এসব উপাদানের প্রভাবে চর্মরোগ, গ্যাস্ট্রিক ও আলসার, লিভার ও কিডনির অকার্যকারিতা, ক্যানসার, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস হতে পারে। এমনকি প্রজননক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে ভেজাল খাদ্যের কারণে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন আজকের পত্রিকাকে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বৈজ্ঞানিক পরীক্ষাগার ও বিশেষজ্ঞদের সহায়তার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদার করতে হবে। ক্ষুদ্র উৎপাদনকারীদের অনেকের প্রয়োজনীয় জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা নেই। শাস্তি দেওয়া ছাড়াও তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাও দিতে হবে। কৃষি উৎপাদন থেকে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও সংরক্ষণ—প্রতিটি পর্যায়ে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে সমন্বিত নজরদারি গড়ে তুলতে হবে।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...