বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

খেলনা পিস্তল দেখিয়ে ভয়, অনলাইন জুয়ার তথ্য পেয়ে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম
খেলনা পিস্তল দেখিয়ে ভয়, অনলাইন জুয়ার তথ্য পেয়ে গ্রেপ্তার ২

মেহেরপুরের বারাদী বাজারে আড্ডায় কথা-কাটাকাটির জেরে খেলনা পিস্তল বের করে ভয় দেখানোর পর স্থানীয়দের ঘেরাওয়ে আটক হন দুই যুবক। পরবর্তীতে পুলিশি অভিযানে তাদের মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়া পরিচালনার চাঞ্চল্যকর তথ্য মিলেছে। এ ঘটনায় ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে দুটি আইফোনসহ পাঁচটি ডিভাইস ও একটি মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড জব্দ করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের মো. আবু সাইদের ছেলে সাব্বির আহমেদ (২২) এবং পিরোজপুর গ্রামের মো. মোস্তফা কামালের ছেলে মো. মাফুজুর রহমান ওরফে শিপন (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে বারাদী বাজারে আড্ডা দেওয়ার সময় কথা-কাটাকাটির একপর্যায়ে ওই দুই যুবক একটি খেলনা পিস্তল বের করে প্রতিপক্ষকে ভয় দেখানোর চেষ্টা করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে বারাদী পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে সেটিকে আসল নয়, বরং একটি খেলনা পিস্তল বলে নিশ্চিত হয়।

ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে যান। বারাদী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশে জান্নাত এন্টারপ্রাইজের সামনে থেকে ওই দুই যুবকের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন জুয়া পরিচালনার সংশ্লিষ্টতার প্রমাণ পায় পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চারটি স্মার্টফোন ও একটি ব্যাংক কার্ড জব্দ করা হয়। ফোনগুলোর মধ্যে রয়েছে দুটি আইফোন ১৭ প্রো ম্যাক্স, একটি সাদা রঙের অপো এ১৫এস এবং একটি গ্লোয়িং গ্রিন রঙের অপো এ৫৭। এ ছাড়া ডাচ-বাংলা ব্যাংকের একটি মাল্টি-কারেন্সি ভিসা ডেবিট কার্ড জব্দ করা হয়। জব্দ করা ৫টি স্মার্টফোনের ফরেনসিক পরীক্ষা করে অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয় গোয়েন্দা পুলিশ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...