লিবিয়ায় নির্যাতনে মৃত্যু: তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি

এ ঘটনায় তাছলিমা বেগম চলতি বছরের ১৪ সেপ্টেম্বর ফরিদপুর মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় গত ২৬ অক্টোবর তদন্ত কর্মকর্তা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, তাছলিমা বেগমের স্বামী হাবি মাতুব্বরকে লিবিয়ায় পাঠানোর জন্য আসলাম মাতুব্বর মুরাদ বেপারীর সঙ্গে চুক্তিবদ্ধ করেন। প্রতিবেদনে মুরাদ বেপারী, আসলাম মাতুব্বর, শাহিন মাতুব্বর, মনির ফকির ও তানিয়া আক্তারের বিরুদ্ধে হাবি মাতুব্বরকে ইতালিতে পাঠানোর উদ্দেশ্যে মানবপাচার ও চোরাচালানের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
তবে প্রতিবেদনে বকুল মাতুব্বরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাছলিমা বেগম।
তাছলিমা বেগমের অভিযোগ, ‘বকুল মাতুব্বরের ছেলে পারভেজ মাতুব্বর বাগেরহাটের মান্দা এলাকায় বিয়ে করেছেন। পারভেজের এক চাচাশ্বশুর যুগ্ম সচিব। তাঁর সুপারিশে বকুল মাতুব্বরকে প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয়েছে।’
তাছলিমা বেগম বলেন, ‘গত ২৫ সেপ্টেম্বর জনশক্তি অফিসে দুই পক্ষের বক্তব্য নেওয়ার সময় সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়ের কাছে যুগ্ম সচিব পরিচয়ে এক ব্যক্তির ফোন আসে। বকুল মাতুব্বরকে ডেকে আমার সামনেই জিজ্ঞাসা করা হয়, যুগ্ম সচিব তাঁর কী হন। পরে বকুলের একটি মনগড়া বক্তব্য রাখা হয়। এরপর তদন্ত প্রতিবেদনে দেখি, বকুল মাতুব্বর এ ঘটনার সঙ্গে জড়িতই নন।’

