সাজেকে অবরোধ: দুই সশস্ত্র সংগঠনের বলির পাঁঠা স্থানীয় বাসিন্দারা

এই সুযোগ কাজে লাগিয়ে জেএসএস সাজেকে ইউপিডিএফের প্রধান ঘাঁটি দখল করে নেয়। একে একে ইউপিডিএফের পরিচালিত ছাগল, শূকর, মৎস্য ও কৃষি খামারগুলোও জেএসএসের সদস্যদের নিয়ন্ত্রণে চলে যায়। একপর্যায়ে টিকতে না পেরে এলাকা ছেড়ে সরতে বাধ্য হন ইউপিডিএফ সদস্যরা।
নিজেদের ‘পায়ে কুড়াল’
হারানো এলাকা পুনরুদ্ধারে মরিয়া ইউপিডিএফ প্রথমে পর্যটকদের জিম্মি করার চেষ্টা চালায় এবং পরে স্থানীয়দের ঢাল হিসেবে ব্যবহার করে অবরোধের ডাক দেয়। মূলত সাজেক ভ্যালিতে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফেরানোর শুরুতেই সরকার ও নিরাপত্তা বাহিনী যথেষ্ট নমনীয়তা দেখায় এবং অবরোধকারীদের সঙ্গে আলোচনায় আগ্রহী ছিল। তবে পরিস্থিতি বদলে যায়।
স্থানীয় একজন জনপ্রতিনিধি আজকের পত্রিকাকে বলেন, ২২ অক্টোবর পর্যটক উদ্ধারের পর থেকে অবরোধ নিয়ে আর কোনো মাথাব্যথা দেখাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এখন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই অবরোধ এক বছর ধরে চললেও তারা আর এ নিয়ে মাথা ঘামাবে না বা কোনো আগ্রহ দেখাবে না। তিনি বলেন, বর্তমানে সাজেকে কলা, মরিচ ও কমলার ভরা মৌসুম চলছে। টানা অবরোধের কারণে পচনশীল এসব পণ্য বাজারে নিতে না পেরে স্থানীয়দের ক্ষোভ এখন চরম পর্যায়ে।
এদিকে টানা ৮ দিন ধরে সাজেক ভ্যালির ৩৫ কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ আছে। সাজেকে পর্যটক না থাকায় দুর্ভোগে পড়েছে মূলত স্থানীয় সাধারণ মানুষ। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, সাজেকের অবরোধ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আগে যেভাবে ছিল, সেভাবই আছে। কারও সঙ্গে নতুন করে আলোচনা হয়নি।

